মেক্সিকোর হাসপাতালে অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা
হঠাৎ জ্ঞান হারিয়ে মেক্সিকোর এক হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক (৭২)। মেক্সিকোর স্থানীয় গণমাধ্যম টেলেভিসা নেটওয়ার্ক ও এল ইউনিভার্সাল এর বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে প্রকাশ, ওজনিয়াক স্ট্রোক করেন এবং তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিস্থিতি এখন 'স্থিতিশীল'।
অসুস্থ হওয়ায় বুধবার বিকেলে ওয়ার্ল্ড বিজনেস ফোরামে বক্তব্য রাখতে পারেননি ওয়াজনিয়াক। নাম প্রকাশে অনিচ্ছুক সম্মেলনের আয়োজকদের একজন সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওজনিয়াকের স্বাস্থ্য ও বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত জানানো হয়নি।
পেশায় সফটওয়্যার প্রকৌশলী ওজনিয়াক ও স্টিভ জবস একসঙ্গে ১৯৭৬ সালে আইফোন খ্যাত অ্যাপল প্রতিষ্ঠা করেন। স্টিভ জবস ২০১১ সালে মারা যান।
স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক দুইজন মিলে বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। শুরু থেকেই আকর্ষণীয় ডিজাইন ও উপযোগিতার জন্য অ্যাপলের ইলেকট্রনিক পণ্যগুলো ক্রেতাদের পছন্দের তালিকায়। ডেস্কটপ, ল্যাপটপ, হাতে বহনযোগ্য গান শোনার ডিভাইস আইপড, আইপ্যাড ও আইফোনসহ আরও অনেক সৃজনশীল পণ্য অ্যাপল বাজারে এনেছে।







